হলুদ খাম ।

" কত্তা এবার হিসেবটা সেরে ফেলেন কত্তা ।আশ্বিন মাস মানে পুজো তো এসেই গেলো ।" চৌধুরী মশাই বললেন," দাঁড়া রে করিম!এই তো মিটল সব কিছু "।করিম বসে আছে বড় উঠোনের মাঝখানটাতে ।আর চৌধুরী মশাই,জমিদার চৌধুরী মশাই বসে আছেন তাঁর চেয়ারটিতে বেশ কিছুটা তফাতে ।অসম্ভব সুন্দর তিনি ।কাঁচা সোনার মত গায়ের রঙ তাঁর,ছ ফুট তিন ইঞ্চি উচ্চতা ।সত্যি জমিদারি চেহারাই বটে ।রাস্তা দিয়ে যখন হেঁটে যান,তাঁর ঐ আলো করা রূপের দিকে অনেকেরই অজান্তে চোখ চলে যায় ।ধান ভানতে শিবের গীত গেয়ে ফেললাম কিছুটা ।যাই হোক ।চৌধুরী মশাই হাঁক পাড়লেন--"  ওরে কে আছিস রে?আমার হিসেবের খাতাটা একটু দে দিকি!"কোনো পরিচারক এসে দিল খাতাটি ।তিনি খাতাটি নিয়ে বললেন,আর হ্যাঁ,"করিমকে হুঁকোটা দিসনি এখনো?দে!দে!দেখে দিস ।দেখে দিস বললেন,কারণ চৌধুরী মশাই ব্রাহ্মণ,আর করিম----,না ব্যবহারে কোনো খামতি নেই ।তবে সংস্কার তো আছেই ।হিসেবের খাতা খুলেই তিনি চেঁচিয়ে উঠলেন--ওরে এর মধ্যে কে আবার একটা হলুদ-খাম রাখলো রে?কি যে করিস তোরা সব?আর ও খাম এলোই বা কোথা থেকে?হঠাৎ ছোট্ট একটি মেয়ে,খুব সম্ভবতঃ কোনো পরিচারিকার মেয়ে-টেয়ে হবে--সে এসে জমিদার বাবুর হাত থেকে খামটা নিয়ে বলল--আমাকে দাও গো দাদামশাই ।চৌধুরী মশাই কিছু বোঝার আগেই খুব দ্রুত ঘটে গেলো সব ।যাই হোক,তিনি বললেন,"নাও করিম হিসেব চুকিয়ে ফেলি এসো।কিছু বুঝলে তুমি?বলে,হা হা করে হাসতে থাকলেন ।
     জমিদার কালিদাস চৌধুরী হলেন,বাংলাদেশের ফরিদপুর জেলার উজিরপুর গ্রামের জমিদার ।ভালোই জমি জিরেত তাঁর ।বেশ কিছু হিন্দু-মুসলিম প্রজা নিয়ে তাঁর বাস ।মনের দিক থেকেও খুব প্রজা-বৎসল তিনি ।তাঁর তিন ছেলে,তিন মেয়ে ।খুবই মেধাবী তাঁর ছেলেরা ।জ্যেষ্ঠ পুত্র রীতিমত ম্যাট্রিকুলেশন পরীক্ষায় জেলায় প্রথম হয়েছে ।এই সদ্য বিয়ে দিয়েছেন তিনি ।পুত্রের বয়স বাইশ ।এখন সে কোলকাতায় স্নাতক স্তরে পড়ছে ।আর বৌমা বারো বছরে পা দিয়েছে সদ্য ।যেমন দেখতে রাজপুত্র তাঁর পুত্র,বৌমাটি ও এনেছেন রূপবতী ।ঠিক যেন লক্ষ্মী-ঠাকুর ।দুপুরে খেতে বসে চৌধুরী মশাই গিন্নীকে বললেন--"তা আমার হিসেবের খাতায় আবার কে একটা হলুদ-খাম রাখলো বলো তো?"চৌধুরী গিন্নী হাসতে হাসতে বললেন," কবে তোমার জ্ঞান-গম্যি হবে বলতে পারো?সদ্য বিয়ে করা বৌকে পত্তর দেবে না তোমার ছেলে?সুদূর কলকেতায় লেখা পড়ার জন্য পরে আছে সে!"চৌধুরী মশাই বুঝলেন এবার সেই হলুদ-খামের রহস্য,আর মনে মনে খুব হাসলেন!

Comments

  1. ভাবা যায় না। অসাধারণ 👌❤️

    ReplyDelete
  2. শেয়ার করলাম।

    ReplyDelete
  3. বাহ বেশ মজা পেলাম।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

পিতৃ-স্নেহ